মোংলা প্রতিনিধি : বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামের নাম ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে টুকু শেখ (৩৫) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে মোংলা থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত টুকু শেখ মোংলা থানার হলদিবুনিয়া গ্রামের মৃত নুরুল ইসলাম শেখের ছেলে।
পুলিশ জানায়, একটি চক্র দীর্ঘদিন ধরে প্রতিমন্ত্রীর নাম ও পদবি ভাঙিয়ে অবৈধ তদবির বাণিজ্য করে আসছিল। এই গোপন খবর পেয়ে পুলিশ আসামির অবস্থান সনাক্ত করে অভিযান চালায়।
গ্রেফতারের সময় আসামির কাছ থেকে প্রতিমন্ত্রীর নাম ও পদবি সম্বলিত একটি জাল সিল এবং স্ট্যাম্প প্যাড জব্দ করা হয়।এই জালিয়াতি ও প্রতারণার ঘটনায় গ্রেফতারকৃত টুকু শেখসহ সরাসরি জড়িত অপর দুই আসামির নাম উল্লেখ করে মোংলা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। চক্রের বাকি সদস্যদের ধরতেও পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
